চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘MPL প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ । ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে ৬টি দলের সমন্বয়ে মাদার্শা ফুটবল ফ্রেঞ্জি টার্ফে এই রোমাঞ্চকর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী জনাব এস এম মোদাচ্ছের শাহ। অনুষ্ঠানে তিনি বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও বেস্ট গোলকিপারসহ ১১ জন কৃতি খেলোয়াড়কে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মোদাচ্ছের শাহ বলেন, “আমার মূল লক্ষ্য ও প্রতিশ্রুতি হলো উত্তর মাদার্শাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত একটি সুন্দর ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করা। যুবসমাজকে সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি এলাকার তরুণদের ক্রীড়ামুখী হয়ে মাদকমুক্ত জীবন গড়ার আহ্বান জানান।
উত্তর মাদার্শার মাদার্শার ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরিত করতে উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক ও জমসেদিয়া তরুণ সংঘের সাবেক উপদেষ্টা জনাব ইফতেখার আলম (ফয়সাল) টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক জনাব জাহেদ খালেদ চৌধুরী এবং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব জসিমউদ্দীন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফয়সাল, দিহান, হাসান, আরাফাত, রাইহান, ওমর, মোজাম্মেল-সহ স্থানীয় একাধিক ক্রীড়াপ্রেমী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন ফারহান এর সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় সম্পন্ন হয়।
স্থানীয় শত শত দর্শক ও ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতিতে টুর্নামেন্টটি এক মিলনমেলায় পরিণত হয়।আয়োজকবৃন্দ উত্তর মাদার্শাকে একটি সুসংগঠিত, স্মার্ট ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে খেলাধুলার এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
