আজিজুর রহমান দুলাল: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের উদ্যোগে এবং রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) অব আলফাডাঙ্গা, ফরিদপুরের সহযোগিতায় জুলাই মাসজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ফুলবাড়িয়া, সাতবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ ও কবরস্থান এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলী, সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি নূর নবী, বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার হোসেন টলিন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাতবাড়িয়া, ফুলবাড়িয়া ও নন্দীগ্রাম যৌথ ঈদগাহ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শুধু গাছ লাগানো নয়, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।
