১৮তম দেশ হিসেবে হংকংয়ে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমের উদ্বোধন
অনলাইন ডেস্ক: হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ১৮তম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫শে নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ের আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জনাব আনোয়ার পাশা এবং সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হংকংস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মো. জাকির হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এস এম রুহুল আমিন। এরপর স্বাগত বক্তব্য দেন কনসাল মো. জাহিদুর রহমান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস কনসাল উম্মে সালমা ও উইং কমান্ডার তৌহিদুর রহমান।
বক্তারা জানান, হংকংয়ে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে প্রায় এক হাজার গৃহকর্মী এবং দেড় হাজারের মতো অনথিভুক্ত কর্মী রয়েছেন। এছাড়াও সেখানে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা রয়েছেন। এই বিপুল সংখ্যক প্রবাসীর জন্য এনআইডি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়। বক্তাদের মতে, এনআইডি কার্ডের মাধ্যমে প্রায় ২০৮টি প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করা প্রয়োজন হয়, তাই প্রবাসীদের জন্য এটি জরুরি। পাশাপাশি হংকংকে বিশ্বের অন্যতম বৃহৎ কার্গো হাব হিসেবে উল্লেখ করে প্রবাসীদের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা হয়।
এনআইডি প্রসেসিংয়ের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন মো. সলিমুল আলম। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক আনোয়ার পাশা জানান, এখন প্রবাসীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এনআইডির তথ্য সংশোধন করতে পারবেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন হংকং জাতীয়তাবাদী দলের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকংয়ের চেয়ারম্যান মো. জাফর আলী, মাহমুদুর রহমান খান শাহীন (সিআইপি), খায়রুল ইসলাম নিজামী, হাসিবুর রহমান সোহেল এবং আবেদীন রশিদ। এছাড়া হংকং জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এই উদ্যোগ বাস্তবায়নের জন্য কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরের প্রশংসা করেন। তিনি আনুষ্ঠানিকভাবে হংকংয়ে এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে ছয়জন প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

