১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ২৩ হাজার কোটি টাকার বেশি
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৩ হাজার ১১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার প্রবাসী আয় এসেছে ১৭ কোটি ২০ লাখ ডলার বা দুই হাজার ১৩২ কোটি ৮০ লাখ টাকা। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৪০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৩২ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১৬৭ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ২০ শতাংশ।

