হাটহাজারীর ফরহাদাবাদের সন্তান জবরুল আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর তৃণমূল দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত
চট্টগ্রাম প্রতিনিধিঃ হাটহাজারীর ফরহাদাবাদ সন্তান জবরুল আলম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলটির ৮৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ মহানগর কমিটিতে গুরুত্বপূর্ণ এ পদে তার অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্বের পাশাপাশি নিজ এলাকার জন্যও আনন্দের সংবাদ হয়ে এসেছে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে চট্টগ্রাম মহানগর শাখার ৮৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে জবরুল আলম চৌধুরীকে যুগ্ম সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, নিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ দায়িত্ব দিয়েছে। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জবরুল আলম চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার যথাযথ মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম মহানগর তৃণমূল দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
এদিকে, হাটহাজারীর ফতেয়াবাদের সন্তান জবরুল আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর তৃণমূল দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকাসহ রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে জবরুল আলম চৌধুরী সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন এবং নিজের এলাকার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে অবদান রাখবেন।

