প্রবাসে দলীয় রাজনীতির মাশুল: একটি মিছিল, একটি ভুল এবং ধ্বংস হয়ে যাওয়া জীবন

প্রবাসে যদি দলীয় রাজনীতির চর্চা না থাকত, তাহলে সংযুক্ত আরব আমিরাতে সে দেশের আইন ভঙ্গ করে কেউ রাস্তায় মিছিল বের করত না। আর মিছিল না হলে এতগুলো প্রবাসী রাষ্ট্রদ্রোহের মামলায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হতেন না। এমনকি আমার মতো ভিন্নমতাবলম্বীদেরও সেই মামলায় ফাঁসানোর সুযোগ তৈরি হতো না।

তাহলে দিনশেষে দায়টা কার? আমার উপলব্ধি, এর বড় একটি দায় দলীয় রাজনীতির।

কারণ, এসব মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে প্রকৃত প্রতিবাদের চেয়ে রাজনৈতিক পরিচিতি তৈরি করার আকাঙ্ক্ষাই অনেক ক্ষেত্রে বেশি কাজ করেছে। মিছিল করবে, ছবি তুলবে, ভিডিও করবে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করবে, নেতারা দেখবেন-হয়তো দলীয়ভাবে মূল্যায়ন করবেন, রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হবে। কিন্তু এই সাময়িক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যে একদিন নিজের জীবনটাই ধ্বংস করে দিতে পারে, সেই চিন্তা কেউ করেনি।

যারা মিছিলের উদ্যোগ নিয়েছিলেন, তারাও হয়তো পরিণতি নিয়ে ভাবেননি। যারা অংশগ্রহণ করেছিলেন, তারাও ভাবেননি। অথচ এর মাশুল দিতে হয়েছে অনেক প্রবাসীকে, যাঁদের কারও কারও সাজানো জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ এক মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে।

আমি একটি বাস্তব ঘটনা বলি-

মোহাম্মদ সগির। তাঁর বাড়ি সিলেটে। সংযুক্ত আরব আমিরাতে আমাদের বন্দিজীবনের সময় একই গ্রুপে থাকা একজন সহবন্দি। দীর্ঘদিন আমিরাতে থাকার সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলেন। পরবর্তীতে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে রোমানিয়ার জন্য আবেদন করেন। শেষ পর্যন্ত তাঁর ভিসাও হয়ে যায়। ফ্লাইটের তারিখ ছিল মাত্র কয়েক দিন পর।

কিন্তু ১৯ জুলাই যখন মিছিল বের হয়, তখন সগির ঘরে বসে থাকতে পারেননি। মিছিলের উন্মাদনা তাঁকেও টেনে নিয়ে যায় রাস্তায়। তিনি মিছিলে যোগ দেন, ছবি তোলেন, ভিডিও করেন। হয়তো ভেবেছিলেন, এই অংশগ্রহণ তাঁর রাজনৈতিক পরিচিতি বাড়াবে, নেতাদের নজরে আসবেন, রাজনৈতিকভাবে কিছু একটা অর্জন করবেন।

কিন্তু তিনি কি একবারও ভেবেছিলেন, এই কয়েক মুহূর্তের রাজনৈতিক উন্মাদনা তাঁর ইউরোপ যাওয়ার স্বপ্নটুকুও কেড়ে নিতে পারে?

রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত দিনে যখন তিনি বিমানবন্দরে যান, তখন সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

যেদিন প্রথম তাঁকে আমাদের রুমে এনে রাখা হয়, সেদিন তাঁর আহাজারি, হায়-হুতাশ আর অসহায়ত্ব নিজের চোখে দেখেছি। মনে হচ্ছিল, তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। আমরা যারা একই রুমে ছিলাম, তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম।

সগির তো রাজনীতি করতেন। রাজনীতি করা নিশ্চয়ই অপরাধ নয়। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত, একটি মিছিলে অংশগ্রহণ এবং কয়েকটি ছবি-ভিডিও তাঁর জীবনের গতিপথ বদলে দিল।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, যাঁদের জন্য কিংবা যাঁদের দৃষ্টি আকর্ষণের আশায় মানুষ এসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়, বিপদের সময় তাঁদের অনেককেই আর পাশে পাওয়া যায় না।

আজ সগিরকে তাঁর দল দেখছে না। আমাকে যেমন কেউ দেখছে না, সগিরকেও দেখছে না। অথচ সে তো দলীয় রাজনীতি করত। আমি না হয় ভিন্নমতাবলম্বী ছিলাম, কিংবা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

এখানেই আমার প্রশ্ন-যে রাজনীতি একজন মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারে না, সেই রাজনীতির জন্য নিজের জীবন, ভবিষ্যৎ, পরিবার ও স্বপ্নকে ঝুঁকির মধ্যে ফেলার যৌক্তিকতা কোথায়?

আমি রাজনীতির বিরোধিতা করছি না। মানুষের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, রাজনৈতিক অধিকারও থাকতে পারে। কিন্তু প্রবাসে বসবাসরত অবস্থায় স্বাগতিক দেশের আইন, নিজের নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যৎ বিবেচনা না করে দলীয় আবেগে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না।

একটি মিছিল হয়তো কয়েক ঘণ্টার। একটি ছবি কিংবা ভিডিও হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন আলোচনায় থাকে। নেতাদের কাছ থেকে সাময়িক প্রশংসাও পাওয়া যায়। কিন্তু সেই মিছিলের পরিণতি কারও কারও জীবনে বছরের পর বছর, এমনকি সারাজীবনের জন্য ক্ষত তৈরি করতে পারে।

এই ঘটনাটি তুলে ধরার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। বরং প্রবাসীদের একটি বাস্তব শিক্ষা দেওয়া—রাজনৈতিক পরিচিতি, নেতাদের সুনজর কিংবা সাময়িক জনপ্রিয়তার চেয়ে নিজের জীবন, স্বাধীনতা, পরিবার এবং ভবিষ্যৎ অনেক বেশি মূল্যবান।

রাজনীতি আপনার পরিচয় তৈরি করতে পারে, কিন্তু সেই রাজনীতির ভুল সিদ্ধান্ত আপনার সাজানো জীবনটাও ধ্বংস করে দিতে পারে। আর বিপদের সময় রাজনৈতিক পরিচয় নয়, আপনার পাশে কে আছে—সেটাই সবচেয়ে বড় বাস্তবতা।

খালেদ সাইফুল্লাহ
সম্পাদক, দৈনিক ডিজিটাল সময়

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *