দুবাইয়ে ভবনের সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা কি বৈধ? জেনে নিন কঠিন আইনি ঝুঁকি ও সঠিক পদক্ষেপ
দুবাই প্রতিনিধি: অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিংয়ে আপনার গাড়ির কেউ ক্ষতি করেছে, আর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। অপরাধীকে শনাক্ত করতে বা অন্য বাসিন্দাদের সতর্ক করতে ফুটেজটি ভবনের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার কথা ভাবছেন? সাবধান! সংযুক্ত আরব আমিরাতের কঠোর সাইবার ও গোপনীয়তা আইনের অধীনে এই কাজ আপনাকে বড় ধরনের আইনি বিপদে ফেলতে পারে-যার শাস্তি হতে পারে কমপক্ষে ৬ মাসের জেল এবং দেড় লাখ থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা।
দুবাইয়ের নিরাপত্তা শিল্প নিয়ন্ত্রণ সংস্থা (SIRA), ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং সাইবার ক্রাইম আইনের আলোকে এ বিষয়ে জেনে নিন বিস্তারিত:
১. ভবন কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ
দুবাইয়ে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হয় ২০১৬ সালের ১২ নম্বর আইন এবং ২০২৬ সালের ১ নম্বর রেজোলিউশনের (SIRA বিধিমালা) অধীনে। এই আইনের ১৭(৪) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা তাদের কাজের মাধ্যমে প্রাপ্ত যেকোনো তথ্যের গোপনীয়তা বজায় রাখতে বাধ্য।
- ভবন কর্তৃপক্ষ আপনাকে সরাসরি ফুটেজের কপি দিতে বাধ্য নয়, বিশেষ করে যদি সেখানে অন্য কোনো ব্যক্তির ছবি বা পরিচয় সংক্রান্ত তথ্য থাকে।
- তবে কর্তৃপক্ষ ফুটেজটি পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারে, ফুটেজটি সংরক্ষণ করতে পারে এবং কেবল যথাযথ কর্তৃপক্ষের (যেমন পুলিশ) অনুরোধে তা হস্তান্তর করতে পারে।
২. হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুটেজ শেয়ার করার আইনি ঝুঁকি
- ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন: ২০২১ সালের ৪৫ নম্বর ফেডারেল ডিক্রি-ল অনুযায়ী, কোনো শনাক্তযোগ্য ব্যক্তির ছবি তার ‘ব্যক্তিগত তথ্য’ হিসেবে গণ্য হয়, যা কেবল স্বচ্ছ ও বৈধ উপায়েই প্রক্রিয়া করা যাবে। তৃতীয় পক্ষের কাছে তা প্রকাশ করা আইনের লঙ্ঘন।
- সাইবার ক্রাইম আইন: ২০২১ সালের ৩৪ নম্বর ফেডারেল ডিক্রি-ল (গুজব ও সাইবার অপরাধ দমন আইন)-এর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, আইনগত অনুমোদন ছাড়া কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের উদ্দেশ্যে তথ্য নেটওয়ার্ক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড এবং ১,৫০,০০০ থেকে ৫,০০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারো অনুমতি ছাড়া ফুটেজ শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
৩. প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ ব্যবহারের সঠিক আইনি পদ্ধতি
ফৌজদারি কার্যবিধি আইনের (২০২২ সালের ৩৮ নম্বর ডিক্রি-ল) ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, অপরাধ তদন্ত ও প্রমাণ সংগ্রহের দায়িত্ব জুডিশিয়াল পুলিশ অফিসারদের। এছাড়া ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, তদন্তের সব প্রক্রিয়া ও নথিপত্র গোপনীয়। অভিযোগকারী হিসেবে আপনি সরাসরি ফুটেজটি পাওয়ার বা প্রচার করার অধিকার রাখেন না।
আইনিভাবে সমাধান পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভবন কর্তৃপক্ষকে দ্রুত জানান: গাড়ির ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করুন এবং ঘটনার সম্ভাব্য তারিখ, সময় ও পার্কিংয়ের স্থান উল্লেখ করুন।
- ফুটেজ সংরক্ষণের অনুরোধ করুন: নিয়মিত রোটেশনে ফুটেজটি যেন মুছে না যায়, সেজন্য লিখিতভাবে তা সংরক্ষণের (Preserve) অনুরোধ জানান।
- দুবাই পুলিশে অভিযোগ দায়ের করুন: ক্ষয়ক্ষতির ছবি, গাড়ির বিবরণ, পার্কিংয়ের অবস্থান এবং ঘটনার সময় উল্লেখ করে দুবাই পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ করুন।
- পুলিশের মাধ্যমে ফুটেজ সংগ্রহের আবেদন: তদন্তকারী কর্মকর্তাকে জানান যে ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়ে থাকতে পারে এবং ভবন কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি তা সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করুন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি কেবল সাধারণ আইনি সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত, এটি কোনো আনুষ্ঠানিক আইনি পরামর্শ নয়। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।) – সূত্রঃ খালিজ টাইমস্

