ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠাতে চায় সরকার।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
রাশেদুল হক বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
বোয়েসেল-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাশেদুল হক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, যারা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন।
তিনি বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরা চূড়ান্ত বলে গণ্য হবেন।

