জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
সোমবার রাতে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে তার কার্যালয়ে সভা শুরু হয়।এতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
তবে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং বর্তমান বেতন স্কেলসংক্রান্ত দাবির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
এদিকে, আন্দোলনকারীরা সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন।
আন্দোলনের কারণে ক্যাম্পাসের ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। একইভাবে বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না।

