রিয়াদে সংবাদ সম্মেলনে শিল্পী তাসলিমা মৌ: প্রবাসেও সুস্থ ধারার সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে লাল-সবুজের সংস্কৃতিকে তুলে ধরতে সৌদি আরবের রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসে আয়োজিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর বিশেষ ‘মিট দ্য প্রেস’। মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাঁন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে দীর্ঘ ১৯ বছরের সঙ্গীত জীবনের নানা অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন তাসলিমা মৌ। ২০০৭ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করা এই শিল্পী জানান, তিনি দেশে এবং বিদেশে সবসময় সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে লালন ও বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন।
রিয়াদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসলিমা মৌ বলেন, “প্রবাসে কর্মরত বাংলাদেশীদের কষ্ট ও সুখ-দুঃখ আমি খুব কাছ থেকে দেখেছি। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং দেশের উন্নয়নে প্রবাসীরা যে অতুলনীয় ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হওয়া এই শিল্পী ইতোমধ্যে অর্জন করেছেন নানা সম্মাননা। সম্প্রতি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম’ এবং ‘সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’-এর পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এমন স্বীকৃতি ও সমর্থনের জন্য তিনি প্রবাসী গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি তাসলিমা মৌ নিজের কিছু জনপ্রিয় গানের অংশবিশেষ খালি গলায় পরিবেশন করে শোনান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রখ্যাত ‘মাইল কোম্পানি’র চেয়ারম্যান ও সফল বাংলাদেশী নারী উদ্যোক্তা নাসিম আক্তার।

