চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু সভাপতি মুকেশ সম্পাদক নির্বাচিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দী হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট।

একই নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে অর্জিত এ বিজয় মূলত সাধারণ চা শ্রমিকদের বিজয়। চা শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়াও সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ের ৬০০টির বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে এখন চা শ্রমিকদের মজুরি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও ভূমির অধিকারসহ দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় নবনির্বাচিত নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন চা শ্রমিকদের আশার প্রতিফলন ঘটাতে পারে তা সময়ের বিষয় মাত্র।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *