ইউপি ভোট সামনে রেখে রবিবার ১৯ দলের সঙ্গে ইসির সংলাপ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এ সংলাপের প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যায়ক্রমে তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের পাশাপাশি নতুন চারটি দলের সঙ্গেও মতবিনিময় করা হবে।

ইসি সূত্র জানায়, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। একইভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।

২৯ নভেম্বর প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ১৯টি দল অংশ নেওয়ার আমন্ত্রণ পাচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ইসির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তালিকায় গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এদিকে ইউপি নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার তথ্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে চেয়েছে ইসি। নির্বাচনী সামগ্রী বিতরণের পরিকল্পনা তৈরির জন্য আজ বুধবারের মধ্যে জেলাভিত্তিক এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নে পাঁচ ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার তথ্য প্রয়োজন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *