চা-বাগানের ছোট্ট ঘর থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা: হার মানলো ১৮৭ টাকার দারিদ্রতা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে উঠে এসে অদম্য ইচ্ছাশক্তি ও মেধার অনন্য নজির গড়েছেন অন্তরা তাঁতী। বাবার দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরির অভাবের সংসারে বেড়ে উঠেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি—উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। সব প্রতিকূলতা জয় করে বর্তমানে তিনি চট্টগ্রামের স্বনামধন্য ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

অন্তরার বাবা একজন সাধারণ চা-শ্রমিক। তাঁর সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ জোগানো ছিল প্রায় অতি কষ্ট সাধ্য বলতে গেলে অসম্ভব। অভাবের তাড়নায় অন্তরার জন্য আলাদাভাবে গাইড বই কেনা কিংবা কোচিং করার কোনো সুযোগ ছিল না। তবে দারিদ্র্যতা তাঁর অদম্য স্পৃহাকে দমাতে পারেনি। বন্ধুদের কাছ থেকে বই ও নোট ধার করে এবং বাড়িতে স্মার্টফোন না থাকায় আত্মীয়ের ফোনে ইউটিউব ক্লাস দেখে নিজের প্রস্তুতি চালিয়ে গেছেন তিনি।

অন্তরার এই কঠিন জীবনসংগ্রামে আলোর দিশা হয়ে আসে প্রথম আলো ট্রাস্ট ও আইডিএলসির ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় আজ উচ্চশিক্ষার আঙিনায় পা রেখেছেন চা-বাগানের এই মেধাবী শিক্ষার্থী।

অভাবের মধ্যে ও অন্তরার স্বপ্ন কেড়ে নিতে পারেনি, বরং শিখিয়েছে কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়। অন্তরার এখন একটাই স্বপ্ন—উচ্চশিক্ষা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা, বাবার দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনির কষ্ট দূর করা এবং ছোট দুই বোনের পড়াশোনার দায়িত্ব নেওয়া। অন্তরার এই জীবনজয়ের গল্প আজ শুধু তাঁর একার সাফল্য নয়, বরং সমাজের হাজারো স্বপ্নবাজ ও সংগ্রামী মেয়ের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে অন্যদের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকলো।

Facebook Comments Box
Share: