আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল মিলনায়তনে আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলায়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার এবং গ্রাম বাংলা সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমকে উৎসাহিত করতে ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

