আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক রানারের আলফাডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সদস্য সচিব হারুনুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম ও হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু ও সেকেন্দার আলম।
এ ছাড়া অনুষ্ঠানে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম আজম মনির, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ এবং সদস্য কমরুল হক ভূঁইয়া, আবুল বাশার ও শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ পথচলায় দৈনিক রানার পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়।
বক্তারা পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
