প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। সড়ক অবরোধ করে তারা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শাস্তি এবং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারী পরীক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।অনেকে দূর-দূরান্ত থেকে ঢাকায় এসেও পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

পরীক্ষার্থীরা আরও বলেন, নিয়োগ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এ কারণে তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করছেন।

বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে মতিঝিলের ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বর্তমানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীরা জড়ো হন। সকাল ১১টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে পরীক্ষা না হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ জানানোর পর পরীক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর অন্যদের সঙ্গে নিয়ে শাপলা চত্বর এলাকায় চলে যান।

তিনি বলেন, বর্তমানে ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের সামনে কোনো সমস্যা নেই। পরীক্ষার্থীরা শাপলা চত্বর এলাকায় অবস্থান করছেন। এ ঘটনায় কোনো গাড়ি ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।

সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১শ’টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে যুব উন্নয়ন অধিদপ্তর।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *