নোবেল শান্তি পুরস্কার-২০২৬ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি ‘নাভি পিল্লাই’ নামেই বেশি পরিচিত।
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৩টার কিছু পর নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধ বিচারের আওতায় আনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাভি পিল্লাই।’
কে এই নাভি পিল্লাই
১৯৬৭ সালে দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে আইন পেশা শুরু করা প্রথম নারী ছিলেন নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।
ডারবানের একটি ভারতীয় অধ্যুষিত এলাকায় বসবাসকারী এক দরিদ্র বাস ড্রাইভারের কন্যা নাভি পিল্লাই বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় মানবাধিকার নিয়ে কাজ শুরু করেন। তিনিই ছিলেন প্রথম অ-শ্বেতাঙ্গ নারী, যিনি দক্ষিণ আফ্রিকায় আইন পেশা শুরু করেন এবং হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন।
বর্ণবাদবিরোধী অনেক আন্দোলনকারীর পক্ষে আইনি লড়াই চালানোর পর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ তাকে রুয়ান্ডাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নির্বাচিত করে।
তিনি এই ট্রাইব্যুনালে আট বছর দায়িত্ব পালন করেন, যার মধ্যে চার বছর তিনি এর সভাপতি হিসেবে কাজ করেছেন।
বর্তমানে ৮৫ বছর বয়সী পিল্লাই সাম্প্রতিক সময় পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসঙ্ঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্ব করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র : বিবিসি
