উত্তাল স্পেন, চাপে সরকার

আবাসন সংকটকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে স্পেন। লাগামহীন বাড়িভাড়া, উচ্ছেদের আশঙ্কা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের প্রতিবাদে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও অসন্তোষ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে।

দীর্ঘদিন ধরেই স্পেনে বাড়ি ও ভাড়ার ব্যয় ঊর্ধ্বমুখী। বিশেষ করে মাদ্রিদসহ দেশটির বড় শহরগুলোতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য উপযুক্ত বাসা খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে। বাসা পাওয়া গেলেও উচ্চ ভাড়ার কারণে তা বহন করা অনেক পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

আবাসন সংকট নিরসনে বেশ কয়েকটি দাবি সামনে এনেছেন বিক্ষোভকারীরা। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া, ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদ থেকে সুরক্ষা দেওয়া, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তির নিশ্চয়তা এবং স্বল্পমেয়াদি ও পর্যটনকেন্দ্রিক ভাড়াব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ। তাদের অভিযোগ, পর্যটননির্ভর স্বল্পমেয়াদি ভাড়ার বিস্তার সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ আরও সংকুচিত করছে।

এদিকে আবাসন সংকট নিয়ে সরকারের প্রস্তাবিত দুটি ডিক্রি স্পেনের পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার কংগ্রেসে সরকারের দুটি আবাসনসংক্রান্ত ডিক্রি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা বাতিল হয়ে যায়। এর পরই আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়।

সরকারের প্রথম ডিক্রিতে আর্থিকভাবে অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদের হাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমা নির্ধারণের প্রস্তাব ছিল। একই সঙ্গে স্বল্পমেয়াদি ভাড়া ও কক্ষভাড়া ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ও এতে অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে দ্বিতীয় ডিক্রিতে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভাড়ার চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগকে আবাসন সংকট মোকাবিলার অংশ হিসেবে দেখা হলেও পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

সংসদে দুটি ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনকারীরা সরকারের ওপর আরও চাপ তৈরির ঘোষণা দিয়েছেন। তাদের ভাষ্য, সাধারণ মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

আন্দোলনকারীদের দাবি, আবাসন এখন শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক সংকটেও পরিণত হয়েছে। ক্রমবর্ধমান ভাড়া ও বাড়ির মূল্য তরুণ, নিম্ন আয়ের পরিবার এবং অন্যান্য সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং পর্যটনভিত্তিক আবাসন ব্যবস্থাপনায় কঠোর নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

পার্লামেন্টে সরকারের আবাসন উদ্যোগ ব্যর্থ হওয়ার পর স্পেনের রাজপথে বিক্ষোভ আরও জোরদার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আবাসন সংকট মোকাবিলা এবং ক্ষুব্ধ সাধারণ মানুষকে শান্ত করতে সরকারের সামনে এখন বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *