বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করতে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার লক্ষ্যেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার।
এয়ারবাসের উড়োজাহাজ কেনার উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকেও নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। চলতি বছর বোয়িংয়ের সঙ্গে এ বিষয়ে দুটি চুক্তির কথা প্রকাশ্যে এসেছে।
এর মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল। পরে গত সপ্তাহে আরও ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে সরকার। ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে এসব নতুন উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ পর্যালোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
