৯ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের জেল ও জরিমানা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ রবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৪) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদক বেচাকেনার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে।

অভিযান পরিচালনাকারী আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রবি ঘোষ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পূর্বেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। রায় ঘোষণার পর মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজা প্রদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান জানান, আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযুক্ত রবি ঘোষ তার বিরুদ্ধে ওঠা মাদক বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রবি ঘোষ নয়, নওয়াপাড়া ও লিবার্টি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসার সাথে একটি সক্রিয় চক্র জড়িত। তাই এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে সরবরাহকারী ও অন্য সহযোগীদেরও নজরদারিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *