আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন এবং অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জনসহ মোট ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মিলনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ক্রেস্ট ও নগদ অর্থ প্রদানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, “কৃতি শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তবে শুধু ভালো ফলাফলেই থেমে থাকলে চলবে না; মেধার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের পাশাপাশি বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উৎসাহিত করে সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিলে তারা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস পায়। পড়াশোনার পাশাপাশি তাদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে।
জরুরি দাপ্তরিক কাজ থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম রায়হানুর রহমান এবং বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
