রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দূতাবাস কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রদূত জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সৌদি আরবের দূরবর্তী শহরগুলোতে ধারাবাহিকভাবে কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে। পাসপোর্ট সংকট দূর করতে এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামাদির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। সেবা প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজ করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
পাসপোর্ট সেবা ‘ইডিসি’ (EDC) কার্যক্রম ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে হস্তান্তরের বিষয়ে প্রবাসীদের মধ্যে চলা আলোচনা প্রসঙ্গে রাষ্ট্রদূত স্পষ্ট জানান, এ ধরনের কোনো তথ্যের বিষয়ে তিনি বা দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত নির্দেশনা বা তথ্য পাননি।
সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। বিশেষ করে, প্রকাশ্য স্থানে বা রাস্তাঘাটে নিয়ম ভেঙে ভিডিও ধারণ ও ছবি তোলা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। প্রবাসীরা যেন কোনো ধরনের আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর (এইচওসি) রেজাউল ইসলাম ও প্রেস সচিব নুরুল আমিন। এ সময় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ রিয়াদে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাঁন।
