দুবাই বিমানবন্দরে বিশেষ কৌশলে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, ৪৬০ গ্রাম গলানো সোনা জব্দ

দুবাই: বিশেষ কৌশলে একটি ব্যাগের ভেতর গলিয়ে লুকিয়ে রাখা ৪৬০ গ্রাম সোনা পাচারের এক অভিনব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দুবাই কাস্টমস। এশিয়ান এক দেশের বিমানযাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী প্রবেশের সময় কাস্টমস অফিসারদের সন্দেহ হলে এক্স-রে স্ক্যানার মেশিনে ব্যাগটি পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ব্যাগের ভেতর অস্বাভাবিক ঘনত্বের পদার্থের উপস্থিতি শনাক্ত করেন কর্মকর্তারা। পরবর্তীতে ব্যাগটি খুলে নিবিড় তল্লাশি চালিয়ে দেখা যায়, একটি বড় হ্যান্ডব্যাগের সেলাই ও ভেতরের স্তরে অত্যন্ত নিখুঁতভাবে গলানো সোনা বিশেষ ফিতার মতো করে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে খালি চোখে এটি বোঝা অসম্ভব।

জব্দকৃত এই সোনার বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক দিরহাম। অপরাধ চক্রটি কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতেই এই কৌশল অবলম্বন করেছিল বলে জানা গেছে। আটককৃত যাত্রীকে আরও জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুবাই কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ সোনা ও অন্যান্য নিষিদ্ধ পণ্য পাচার রোধে সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও দেশের রাজস্ব রক্ষায় কাস্টমস কর্মকর্তারা সর্বদাই সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box
Share: