ইউএনও নয়, যেন একজন অভিভাবক’ চরভদ্রাসনের নবাগত ইউএনও জুলহাস হোসেন সৌরভকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা প্রশাসনে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের ভাষ্য, নতুন ইউএনও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মানসিকতার কারণে তিনি অল্প সময়েই সবার আস্থা অর্জন করেছেন।

উপজেলার একাধিক কর্মকর্তা বলেন, “আমরা একজন ইউএনও পাইনি, আমরা একজন অভিভাবক পেয়েছি।” তাঁদের মতে, তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করছেন না; বরং কর্মকর্তা-কর্মচারীদের মতামতকে গুরুত্ব দিয়ে সমন্বিত ও সেবামুখী কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছেন।

সংশ্লিষ্টদের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবাগত ইউএনও নিরলসভাবে কাজ করছেন। সেবা গ্রহণে আসা মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

এদিকে উপজেলার বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নবাগত ইউএনও হাট-বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দিতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর বা ভেজাল খাদ্য, নকল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের নেতৃত্বে এমন মানবিক, জনবান্ধব ও কর্মীবান্ধব মনোভাব সরকারি সেবার মান আরও উন্নত করবে। তারা আশা প্রকাশ করেন, মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে চরভদ্রাসন উপজেলা প্রশাসন আরও জনমুখী, স্বচ্ছ ও গতিশীল হয়ে উঠবে। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাদের প্রত্যাশা।

Facebook Comments Box
Share: