দেশে স্থিতিশীল পরিবেশ: প্রবাসী বিনিয়োগের এখনই সেরা সময়

ফারুক আহমেদ চান, সৌদি আরব: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে শুধু রেমিট্যান্স নয়, দেশের উন্নয়নে বিনিয়োগেও প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের প্রতিষ্ঠিত বাংলাদেশি ইনভেস্টর ও ফ্লাই বুরুজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ্। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতি নতুন বিনিয়োগের জন্য সম্ভাবনাময়।

সৌদি আরবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল্লাহ্। রাজধানী রিয়াদ, আল কাসিমসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠানের আটটি শাখা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ জন বাংলাদেশির। প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ উদ্যোক্তা তৈরিতেও কাজ করে যাচ্ছেন তিনি।
প্রবাসে সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশেও তিনি প্রতিষ্ঠা করেছেন ফ্লাই বুরুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যবসা শুরু করতে আগ্রহী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের পরামর্শ, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সেবা দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন “আমি বিশ্বাস করি, বাংলাদেশে এখন বিনিয়োগের অন্যতম উপযুক্ত সময়। দেশের সম্ভাবনাময় খাতগুলোতে প্রবাসীরা বিনিয়োগ করলে তা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানাই। যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা সম্প্রসারণ করতে চান, তারা ফ্লাই বুরুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করি।”

মোহাম্মদ সাইফুল্লাহ্ বলেন, প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও পুঁজি দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। তিনি মনে করেন, দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

প্রবাসীদের শুধু রেমিট্যান্স প্রেরণেই নয়, বিনিয়োগের মাধ্যমেও দেশের উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আগ্রহের কথাও জানান এই প্রবাসী উদ্যোক্তা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *