আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে শুরুতে এটি ‘গণধর্ষণ’ বলে গুঞ্জন ও অপপ্রচার ছড়ালেও পুলিশি তদন্তে তার সত্যতা মেলেনি। পুলিশ জানিয়েছে, প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোঃ সাজ্জাদ আলম একাই এ ঘটনার সঙ্গে জড়িত।
পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের বাসিন্দা ও প্রাণ কোম্পানির এসআর সাজ্জাদ আলম স্থানীয় ইউসুফেরবাগ মাদ্রাসার চতুর্থ জামাতের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর জেরে গত ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি গ্রামে নিজের বোনের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেন তিনি।
পরবর্তীতে গত ২৮ জুলাই পরিবারের লোকজন খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে ভিকটিমকে চিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে গণধর্ষণের গুজবের ভিত্তিতে স্থানীয় জনতা জয় কুন্ডু নামের এক যুবককে আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়। তবে থানা পুলিশ জানায়, আটক হওয়া জয় কুন্ডু ষড়যন্ত্রের শিকার এবং প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এ বিষয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান জানান, “গণধর্ষণের যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়। প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে যে, প্রাণ কোম্পানির এসআর সাজ্জাদ আলম একাই এই ঘটনার সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।”
