আলফাডাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

আলোচনা সভায় বক্তব্য দেন—আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. মাসুদুল হক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবিদ আহসান।

এতে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফিজুর রহমান, এনপিপির উপজেলা আহ্বায়ক মো. আব্দুল জলিল, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ, সাবেক প্রাথমিক শিক্ষক মহিউদ্দিন মাস্টার, ক্যাবের উপজেলা সভাপতি সেকেন্দার আলম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির।

সভায় বক্তারা জুলাইয়ের গণ-আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। এ সময় দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণ-আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

Facebook Comments Box
Share: