আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় সুমন বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকার উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষ গ্রুপটি তার ওপর চড়াও হয়। সাবেক ইউপি সদস্য কুদ্দুসের ছেলে হোসাইন (৪২) ও আশিক (৩৮)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশপাশের লোকজন সুমনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, খবর পেয়েই পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, হামলাকারীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় উত্তেজনা
Facebook Comments Box
