কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাতারের আল শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত পাঁচ বাংলাদেশি হলেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন প্রবাসী শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে খবর পৌঁছানোর পর তাঁদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কানাইঘাট উপজেলাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
