বাসুদেব বিশ্বাস,বান্দরবান : দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৫মে (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা। সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় বালক ও বালিকা দলের মধ্যে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বালক দলের খেলায় বান্দরবান পৌরসভা দল ৪৭পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বান্দরবান সদর উপজেলা ৩০ পয়েন্ট অর্জন করে রানারআপ হয়। অন্যদিকে বালিকা দলে বান্দরবান সদর উপজেলা দল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বান্দরবান পৌরসভা দল ৩৬ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। অন্যদিকে ফুটবল প্রতিযোগিতায় বালিকা দলে থানচি উপজেলা দল ২গোলে জয় লাভ করে আর রানার আপ হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা দল। বালক দলে লামা উপজেলা ফুটবল দল ট্রাইব্রেকারে ১ গোলে জয় লাভ করে আর রানার আপ হয় রোয়াংছড়ি উপজেলা দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস,এম,মঞ্জুরুল হক। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ বিভিন্ন উপজেলার সরকারী বেসরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। গত ২মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা , সদর উপজেলা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে আর আগামী ১০মে এই স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত হবে।
