গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার : শফিকুর রহমান

গণভোটের রায় প্রত্যাখ্যান করার মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এ মন্তব্য করেন।

অতীতের ফ্যাসিজমের চেয়ে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হওয়ার পথে বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। 

শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল। তবে সেটা হয়নি। দেশের মানুষ ইতোমধ্যে জানে কীভাবে সবকিছু হয়েছে। অন্তর্বর্তী সরকার ভেতরে পরিকল্পনা করে লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদে এ বিষয়ে সংসদ সদস্যরা বলেছেন, সেখানে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসেছিলেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টাও এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা দাবি করেন, এসব থেকে স্পষ্ট যে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এ ধরনের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে।

সংকটকালে লুকোচুরি না করে খোলা মনে আলোচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *