আজিজুর রহমান দুলাল :“আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে”—এই প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঢোল-তবলা, রঙিন প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের গান ও নৃত্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলার। উপজেলা চত্বরে পান্তা-ইলিশসহ বিভিন্ন লোকজ পণ্য নিয়ে বসেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, নতুন বছরকে বরণ করে নিতে এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছরকে বরণ করে পুরনো সব গ্লানি মুছে ফেলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বছরের প্রথম দিনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ‘হালখাতা’র ঐতিহ্যবাহী আমেজও লক্ষ্য করা গেছে।
