বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত: এলাকায় উত্তেজনা

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হামজা ওই এলাকার রুহুল আমিন মুন্সীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী আকস্মিকভাবে হামজা মুন্সীর বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, হামজা খুলনায় ব্যবসা করতেন এবং ব্যবসায়িক কোনো বিরোধের জেরে খুলনার একটি পক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

নিহতের পিতা রুহুল আমিন মুন্সী অভিযোগ করে বলেন, “১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ বাড়িতে ঢুকে আমার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *