বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘স্ট্রেট অব হরমুজ’ (হরমুজ প্রণালি) পুনরায় খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করলে ইরানের সব বড় বিদ্যুৎকেন্দ্র ‘ধূলিসাৎ’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসির।
জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪ মিনিটে ওই পোস্টটি করেন। সে হিসাবে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান আগামীকাল ২৩ মার্চ (সোমবার) রাত ১১টা ৪৪ মিনিট (তেহরান সময় ২৪ মার্চ রাত ৩টা ১৪ মিনিট) পর্যন্ত সময় পাচ্ছে।
উল্লেখ্য, জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘণ্টা। সেই অনুযায়ী, ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিট।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত করবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দেবে। আর এই হামলা শুরু হবে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে!’
স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের অবরোধ ও জাহাজে হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান পাল্টা হুমকি দিয়ে বলেছে—আক্রমণ করা হলে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে।
