এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: কুমিল্লার পদুয়ায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। আজ রবিবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আহত অন্তত ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, সকাল পর্যন্ত হাসপাতালে ১২টি মরদেহ আনা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় উদঘাটনে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে প্রধান করে জেলা প্রশাসনের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রেলওয়ের পক্ষ থেকেও বিভাগীয় ও জোনাল পর্যায়ে আরও দুটি কমিটি করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা ২ জন গেটকিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। সকাল ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
