ঈদের আনন্দ হলো শেষ বিদায়: আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিষাদের ছায়ায় ঢাকা পড়েছে ঈদের খুশি। শখের মোটরসাইকেল ভ্রমণে গিয়ে প্রাণ হারিয়েছে জিহাদ শেখ (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। শনিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে স্থানীয় শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষ করে ফুফাতো ভাই রনির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল জিহাদ। ঘোরার এক পর্যায়ে আরাজী বানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এতে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পেছনে কাজ করেছে রাস্তার বেহাল দশা। স্থানীয় ইটভাটার ট্রলিতে করে মাটি পরিবহনের সময় সড়কে অনেকটা মাটি পড়ে থাকে। গত দুই দিনের বৃষ্টিতে সেই মাটি ভিজে সড়কটি চরম পিচ্ছিল হয়ে পড়ে। ওই পিচ্ছিল পথেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই করুণ মৃত্যু ঘটে।

ঈদের দিনে মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *