আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
আজিজুর রহমান দুলাল: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা ও টিকাদান সেবা দেওয়া হচ্ছে। গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের আরও সচেতন হতে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, প্রাণিসম্পদ ও মৎস্য খাত দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ দুটি খাতের সমন্বিত উন্নয়নে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম নজরুল ইসলাম বলেন, ডেইরি খাতের উন্নয়নে খামারিদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। গোখাদ্যের দাম, চিকিৎসাসেবা ও উৎপাদন খরচ বিবেচনায় খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ খাতে আরও নতুন উদ্যোক্তা তৈরি হবে।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

