হবিগঞ্জের বানিয়াচংয়ে দিন দিন বেড়েই চলছে চোরের উৎপাত
শাহ সুমন, বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অস্বাভাবিক হারে বেড়েছে চোরের উৎপাত। রাত নামলেই শোনা যায় কোথাও না কোথাও চুরির ঘটনা। চোরেরা হানা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানেও; এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ-মন্দিরও।
গত বুধবার রাতে নন্দিপাড়া হাফিজখানা জামে মসজিদের দোকানকোঠা থেকে অটোরিকশা চুরির ঘটনা ঘটে। একই রাতে হাজরাপাড়া গ্রামে নূর আলমের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও নগদ ৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।
স্থানীয়রা বলছেন, মাদকের অবাধ বিস্তারের কারণে দিন দিন উঠতি বয়সী তরুণরা আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতেই তারা চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, বানিয়াচং যেন অভিভাবকহীন হয়ে পড়েছে—এসব দেখার কেউ নেই।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, চুরি-ডাকাতি রোধে পুলিশ জোরালোভাবে কাজ করছে।

