সৌদি আরবের রাজধানী রিয়াদে বিন মিশাল কোম্পানির সংবাদ সম্মেলন
ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ: সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’কে সামনে রেখে বিন মিশাল গ্লোবাল কোম্পানি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ফলে সৌদি আরবে বাংলাদেশীদের কর্মসংস্থান বাড়ছে এবং তাদের উপার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিন মিশাল কোম্পানির সুনাম ক্ষুণ্ণ ও বিতর্কিত করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোম্পানি সূত্রে জানা যায়, অন্যের টিকিটের টাকা রিফান্ড করতে আসা মাহমুদ নামের এক ব্যক্তি এবং তার অনলাইন সহযোগী নিলয়কে হাতেনাতে ধরা হয়। এরপর থেকেই তারা কোম্পানির বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছে।
এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে রিয়াদের ‘হোটেল ডি প্যালেস’-এ বিন মিশাল কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং ঘটনার মূল বক্তব্য তুলে ধরেন বিন মিশাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান এবং মাইল কোম্পানির সিইও নারী উদ্যোক্তা নাসিমা বেগম।
সংবাদ সম্মেলনে বিন মিশাল কোম্পানির চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশীদের কোনো ধরনের ভিত্তিহীন ভিডিও বা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, কোম্পানিটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।
উল্লেখ্য, সৌদি আরবে বিন মিশাল ট্রাভেলসের মোট ২৩টি শাখা রয়েছে, যেখানে কয়েকশত প্রবাসী বাংলাদেশী কর্মরত আছেন।

