যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসরত যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনী পক্ষ থেকে ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নে আয়োজনে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় ১৪৩ফিল্ড ওয়ার্কসপ কোম্পানি ইএমই কর্তৃক পরিচালিত তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ সনদ ও ক্রেস্ট তুলে দেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।

প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ পিএসসি, প্রশিক্ষনার্থীদের এই প্রশিক্ষণের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য আহবান জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীতে আরো বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ক্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় মেরামত এবং যানবাহনের নিরাপদ ও সঠিক ব্যবহার বিষয়ে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আর এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছে।

অর্জিত এই দক্ষতা প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মনির্ভরশীল হতে সহায়তা করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, অকাল বিকল হওয়া প্রতিরোধ, মেরামত ব্যয় হ্রাস এবং যানবাহনের কার্যক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও এই প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখবে| বিশেষ করে পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এই উদ্যোগ বেকারত্ব হ্রাস এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Share: