বিদ্যালয়ের মাঠে অবৈধ মেলার বলি তরুণ আলামিন: দায় কার?

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় বিদ্যালয়ের মাঠে অনুমতিহীনভাবে আয়োজিত মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা।

গত ২ অক্টোবর রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার আব্দুল বাতেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বুরুমদী আব্দুল লতিফ মোজাফ্ফর হোসেন উচ্চ বিদ্যালয় এবং ১৫ নম্বর বুরুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে মেলার দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

গত ২ অক্টোবর রাতে যানবাহন চলাচলের সময় একটি গাড়ির ধাক্কায় মেলার বিদ্যুতের অরক্ষিত তার বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই সংযোগ মেরামতের জন্য বুরুমদী স্কুলবাড়ি এলাকার জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেনকে ডেকে আনা হয়। এ সময় নিজের দোকান সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দোকানি আলামিন। বিচ্ছিন্ন তার মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁকে সোনারগাঁয়ের তালতলা বাজার এলাকার মা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, অবৈধ ও অরক্ষিত বিদ্যুৎ সংযোগের কারণেই আলামিনের এমন করুণ মৃত্যু হয়েছে। নিহতের বোনজামাই জানান, ঘটনাস্থল থেকে তাঁরা জানতে পেরেছেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মেলার আয়োজন করা হয়েছিল। ওই সংযোগের বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর শ্যালক আলামিনের মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

এদিকে বিদ্যালয়ের মাঠে মেলা আয়োজন ও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে বুরুমদী আব্দুল লতিফ মোজাফ্ফর হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফা আক্তার এবং ১৫ নম্বর বুরুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনাহার প্রধান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই জোরপূর্বক মাঠে মেলার আয়োজন করা হয়। তাঁরা প্রাথমিকভাবে মৌখিকভাবে বাধা দিলেও বিদ্যালয়ের ছুটির পর মেলার কার্যক্রম চালানো হয়। তবে এ বিষয়ে তাঁরা কোথাও লিখিত অভিযোগ করেননি। বিদ্যালয়ের মাঠের জমির মালিকানা নিয়েও দুই শিক্ষকের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।

বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজে আসা জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন বলেন, মেলার আয়োজক কমিটির সদস্য রিজন, রাসেল, হাবু ও সোহাগ তাঁকে বিদ্যুৎ সংযোগ মেরামতের জন্য ডেকে নিয়ে আসেন। তাঁদের পরামর্শেই তিনি সেখানে কাজ করতে যান। তবে মেলার আয়োজনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অন্যদিকে নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশরাফুল ইসলাম বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মেলা আয়োজনের বিষয়টি তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

একটি তরতাজা প্রাণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠে অনুমতিহীন মেলা আয়োজন, অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তাহীনভাবে বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
Share: