ফরিদপুরে জননিরাপত্তায় মাঠে ৫ প্লাটুন আনসার সদস্য

আজিজুর রহমান দুলাল: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে আনসার সদস্যরা সমবেত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনার নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য তাঁরা নির্ধারিত স্থানের উদ্দেশে রওনা দেন।

ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও তাঁদের মোতায়েন করা হয়েছে।

জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা প্রস্তুত রয়েছেন।

Facebook Comments Box
Share: