দৃষ্টিহীন চোখে স্বপ্নের জয়, বান্দরবানে এইচএসসিতে দারুণ সাফল্য দেখালো ইমতিয়াজুল ইসলাম শুভ
বাসুদেব বিশ্বাস, বান্দরবান : দৃষ্টিশক্তি নেই, তবুও থেমে থাকেনি স্বপ্নের পথচলা। নানা প্রতিকূলতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হাফেজ মো. ইমতিয়াজুল ইসলাম শুভ। তার এ সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান পৌরসভার কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দকৃত একটি ভবনের নীচতলায় মা,বাবা আর এক ছোট ভাইসহ বসবাস করছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হাফেজ মো. ইমতিয়াজুল ইসলাম শুভ। জানা যায়, মাত্র ১১মাস বয়সে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে হারান দুই চোখের দৃষ্টিশক্তি, তবে দৃষ্টির আলো নিভে গেলেও থেমে যায়নি স্বপ্ন। অদম্য মনোবল আর পরিবারের সহযোগিতায় এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫০পেয়ে উত্তীর্ণ হয়েছে বান্দরবানের ইমতিয়াজুল ইসলাম শুভ।
তবে পরীক্ষা শুরুর আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শ্রুতিলেখক সংকট। নিয়ম অনুযায়ী শ্রুতিলেখক নির্বাচনে জটিলতা তৈরি হওয়ায় অনিশ্চয়তায় পড়ে তার পরীক্ষায় অংশগ্রহণ। পরে পরিবার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পরীক্ষায় বসার সুযোগ পায় ইমতিয়াজ, আর পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে সাফল্যের সাথে।
দৃষ্টি প্রতিবন্ধী মো.ইমতিয়াজুল ইসলাম শুভ জানান,এবার বান্দরবান সরকারী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। মা-বাবার সহযোগীতা আর সকলের দোয়ায় এই পথ পাড়ি দিতে পেরেছি মন্তব্য করে দৃষ্টি প্রতিবন্ধী মো.ইমতিয়াজুল ইসলাম শুভ বলেন,আমরা কারো করুণার পাত্র হতে চাই না। সমাজে অন্য শিক্ষার্থীরা যেভাবে বড় হচ্ছে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরাও সেভাবে বড় হতে চাই নিজ যোগ্যাতায়। দৃষ্টি প্রতিবন্ধী মো.ইমতিয়াজুল ইসলাম শুভ বলেন, সরকার যদি আমাদের প্রতি আরো নজর বৃদ্ধি করে তবে আমরা আরো সাফল্য নিয়ে আসবো। মো.ইমতিয়াজুল ইসলাম শুভ জানান,আগামীতে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবা করতে চায়।
সীমিত আয়ের সংসার। বাবা পৌরসভার খন্ডকালীন গাড়ি চালক খায়রুল বশর। ছেলের পড়াশোনা চালিয়ে নিতে পরিবারের সংগ্রামের পাশাপাশি মায়ের নিরলস ত্যাগ ও সহযোগিতা ছিল তার এগিয়ে যাওয়ার বড় শক্তি।
ইমতিয়াজুলের মা রোজি আক্তার বলেন, অল্প বয়সে আমার ছেলে চোখ হারিয়েছে,কিন্তুু মনোবল হারায়নি। ওর মধ্যে যেই মেধা আর প্রবল ইচ্ছ শক্তি রয়েছে সেটি দিয়ে সে অনেক কিছু জয় করছে। বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল, এসএসসিতে ভালো ফলাফল আর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারে অনেক পারদর্শী ইমতিয়াজুল ইসলাম শুভ এমনটা জানিয়ে তার মা বলেন, সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও কম্পিউটার নিজে নিজে চালাতে পারে আর বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করে। অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ আর শিক্ষামুলক ক্লাসে অধ্যায়ণ করে ইমতিয়াজুল দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী। তার এই পথ চলায় সকলের সহযোগীতা প্রয়োজন জানান তার মা রোজি আক্তার।
এদিকে ইমতিয়াজুলের এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বান্দরবান পৌরসভার প্রশাসক, তার উচ্চ শিক্ষার প্রসারে পাশে থাকার দিয়েছে আশ্বাস। বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক জানান, আমাদের পৌরসভার গাড়ী চালকের ছেলে হলো দৃষ্টি প্রতিবন্ধী মো.ইমতিয়াজুল ইসলাম শুভ। তবে বাইরে দেখতে মো.ইমতিয়াজুল ইসলাম শুভ দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার প্রতিভা দেখে সবাই অবাক। প্রতি পরীক্ষায় তার যে সাফল্য তা দেখে আমরা আনন্দিত ও গর্বিত। আগামীতে দৃষ্টি প্রতিবন্ধী মো.ইমতিয়াজুল ইসলাম শুভ এর যেকোন ভালো কাজে আমরা পৌর কর্তৃপক্ষ পাশে থাকবো এবং তাকে উচ্চ শিক্ষা গ্রহণে সার্বিক সহযোগীতা অব্যাহত রাখবো বলে জানান বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক ।
দৃষ্টিশক্তি না থাকলেও আত্মবিশ্বাস আর অধ্যবসায় দিয়ে যে স্বপ্ন জয় করা যায়, ইমতিয়াজুল যেন তারই উদাহরণ। উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন তার, সেই স্বপ্ন পূরণে এখন প্রয়োজন সবার সহযোগিতা।

