আলফাডাঙ্গায় ৪৮.৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডের অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় চলমান ভূমি জরিপে ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ড করার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র উপেক্ষা করে অনিয়মের মাধ্যমে জমির রেকর্ড পরিবর্তনের অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রতিকার দাবি করেছেন নাসরিন আরা বেগম নামের এক ভুক্তভোগী নারী।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা চত্বরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। নাসরিন আরা বেগম উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুল ইসলামের স্ত্রী ও ফজরন নেছার মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আরা বেগম বলেন, উপজেলার ২৮ নম্বর গোপালপুর মৌজায় তাঁর ও পূর্বপুরুষদের প্রায় ১৫০ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত মোট ৯০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ বসতবাড়ি এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমি।

তিনি জানান, এসব জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। একই সঙ্গে জমির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তবে তাঁর অভিযোগ, চলমান ভূমি জরিপে আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র উপেক্ষা করে জমির রেকর্ড পরিবর্তন করা হয়েছে।

নাসরিন আরা বেগমের অভিযোগ, আলফাডাঙ্গা উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মো. আলী আকরাম অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে জমির রেকর্ড পরিবর্তন করেছেন। তাঁর দাবি, ৪৫ শতাংশ বসতবাড়ির জমির মধ্যে মাত্র ২৮ শতাংশ এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশ তাঁর নামে রেকর্ড করা হয়েছে। বাকি ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র উপেক্ষা করে জমির রেকর্ড পরিবর্তন করায় তাঁরা পৈতৃক ভিটেমাটি হারানোর আশঙ্কায় রয়েছেন।

এ সময় তিনি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের আদেশ পর্যালোচনা করে সম্পূর্ণ ৯০ শতাংশ জমি সঠিকভাবে তাঁর নামে রেকর্ডভুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে ভূমি উপদেষ্টা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুরের জেলা প্রশাসক, জোনাল সেটেলমেন্ট অফিসার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Share: