সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে ভ্রমণ ও অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য লেভেল-৩ বা ‘পুনর্বিবেচনার’ সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান সশস্ত্র সংঘাত, ইরান ও হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এবং কঠোর স্থানীয় আইনের কথা উল্লেখ করে এই নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের মার্কিন দূতাবাসের প্রকাশিত এক ভ্রমণ নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর থেকে দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অব্যাহত ঝুঁকি রয়েছে। ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। যদিও বাণিজ্যিক ফ্লাইটগুলো চালু রয়েছে, তবে মাঝেমধ্যেই ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মার্কিন সরকারি কর্মচারীদের জন্য সীমান্ত থেকে ২০ মাইলের মধ্যে যাতায়াত এবং কিছু নির্দিষ্ট প্রদেশ ও শহরে যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ বা বিশেষ অনুমোদনের নিয়ম রাখা হয়েছে।

এছাড়া সৌদি আরবের কঠোর স্থানীয় আইন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের ওপর কড়াকড়ির বিষয়টিও নতুন নির্দেশিকায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে। দেশটিতে সরকারের সমালোচনা করে পোস্ট, রিকমেন্ড বা লাইক দেওয়ার মতো অনলাইন কার্যক্রমের জন্য কঠোর সাজার বিধান রয়েছে বলে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ড্রোন বা মিসাইল হামলার দৃশ্য বা প্রভাবের ছবি ও ভিডিও ধারণ বা অনলাইনে শেয়ার না করার বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *