সনজিত কুমার শীল, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের মাটিতে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফায় শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের উদ্যোগে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় এ উৎসব পালন করা হয়। এছাড়া ইউএই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দুবাই, শারজাহ, আল আইন, আজমান, রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইন ও ফুজাইরাহসহ বিভিন্ন আমিরাতে পৃথকভাবে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন করা হয়।
উৎসবের দিন ভোর থেকেই মন্দির ও অনুষ্ঠান প্রাঙ্গণগুলো শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ‘শুভ শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, শ্রীকৃষ্ণের বিগ্রহ অভিষেক, গীতা পাঠ, ধর্মীয় গান, নামসংকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী সনাতনী ছাড়াও ভারত, নেপালসহ বিভিন্ন দেশের অগণিত ভক্তকূল অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, “শ্রীকৃষ্ণ এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন সত্য ও ন্যায়ের পথে মানুষকে অনুপ্রাণিত করতে এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে। তাঁর দেখানো সত্যের বাণী ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী পাঠ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে উৎসবের সমাপ্তি ঘটে।
