বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই উৎসব উদযাপন

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই| উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা|

ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে ১৩ এপ্রিল (সোমবার) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে গিয়ে শেষ হয়| এসময় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায়| এসময় তারা মার্মা গানে নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে| পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এসময় তরুণ তরুণী ও নারী- পুরুষরা অংশগ্রহণ করে| বর্ণাঢ্য এই আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সুচনা করেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি| এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু, সাধারণ সম্পাদক থুইমং প্রু, রাজপুত্র চসিং প্রু বনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন| নানা আয়োজনে এবার সপ্তাহব্যাপী এই সাংগ্রাই উৎসব চলমান থাকবে আর এই ধরণের আয়োজনের মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের| এদিকে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য সাচিং প্রু এমপি| তিনি বলেন,পার্বত্য জেলা বিভিন্নভাবে সমৃদ্ধ আর এই জেলাগুলোকে আরো সমৃদ্ধশালী করে তুলতে বর্তমান সরকার কাজ করবে| সকলের ভাগ্য উন্নয়নে কাজ করা আর বান্দরবানকে আরো সম্প্রীতিতে অটুট রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে এই আহবান সকলের প্রতি|

বর্ণাঢ্য র‌্যালী শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে আয়োজন করা হয় এক বয়োজ্যেষ্ঠ পূজা| এসময় উপস্থিত বয়োজ্যেষ্ঠদের নানা রকম উপহার প্রদান করার পাশাপাশি প্রণাম নিবেদন করা হয়| আগামী ১৪ এপ্রিল দুপুরে সাংগু নদীর পাড়ে পবিত্র বুদ্ধ মূর্তি স্নান, রাতে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, ১৫ এপ্রিল রাজার মাঠে মৈত্রী পানি বর্ষন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এই এতিহ্যবাহী এবারের সাংগ্রাই উৎসবের|

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *