৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ

রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছেই। দু’জন প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রতাহার করেননি। ফলে দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণে আগামীকাল ভোট দেবেন সংসদ সদস্যরা। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রের এই শীর্ষ পদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব:) অলি আহমেদ প্রার্থী হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতা দেখা দিয়েছে। এ কারণে দীর্ঘদিন পর অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি একপ্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদেরকে জানান, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নির্বাচনে ভোটের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের শুরুতে নির্বচনী কর্তা শুরুতে সবাইকে স্বাগত জানাবেন। নির্বাচনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সচিব জানান, কাল বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। বৈধ ও অবৈধ ভোট গণনা শেষে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। সবাই আগ্রহের সাথে খবর রাখছে। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রঙ হবে সাদার ওপর কালো প্রিন্ট। নির্বাচনী প্রক্রিয়ায় ২০ জন নির্বাচনী কর্মকর্তা থাকবে ইসি থেকে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঠিক তত সংখ্যক ব্যালট পেপারই প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ভুল এড়াতে কিছু অতিরিক্ত ব্যালট পেপারও সংরক্ষিত রাখা হয়েছে। ভোটগ্রহণের দিন ব্যালট পেপারের রঙ হবে সাদার ওপর কালো প্রিন্ট। তিনি বলেন, ব্যালট পেপার ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে আগে পাঠানোর সুযোগ থাকছে না। নির্বাচন সহায়ক কর্মকর্তা ও নির্দিষ্ট স্বেচ্ছাসেবকরা সরাসরি সংসদ অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। এই কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ২০ জন কর্মকর্তার একটি টিম ডিস্ট্রিবিউশনের দায়িত্বে নিয়োজিত থাকবে।

ফলাফল প্রকাশ ও আনুষ্ঠানিকতা

তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ঘটনাস্থলেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। তার মতে, প্রাথমিক ফলাফল লিখিত আকারে প্রস্তুত থাকায় গেজেট প্রকাশে অতিরিক্ত দীর্ঘ সময়ের প্রয়োজন হবে না। আগামীকাল ২০ আগস্ট নির্ধারিত দিনে নির্বাচন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *