চরভদ্রাসন সদর বাজারে এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

ফরিদপুর জেলা প্রতিনিধি: সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উপেক্ষা করে ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারে এমআরপি অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা।

সরকার নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ থেকে ১৮০ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরকারি মূল্য ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু চরভদ্রাসন সদর বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি মুদি দোকানে ৫ লিটারের রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে উল্লেখিত এমআরপি ৯৭৫ টাকা হলেও তা ৯৯০ থেকে ১,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি বোতলে ক্রেতাদের ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।

কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে লেখা থাকলেও অনেক দোকানি সেই দামে তেল বিক্রি করছেন না। অতিরিক্ত দামের বিষয়ে জানতে চাইলে কেউ পরিবহন খরচ, আবার কেউ সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন।

স্থানীয় ভোক্তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্য কার্যকর করতে বাজারে নিয়মিত মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক তদারকি নিশ্চিত করা গেলে এমআরপি উপেক্ষা করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা অনেকটাই কমে আসবে।

Facebook Comments Box
Share: