ফারুক আহমেদ চান: সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের ঘোষণার পর দেশটির ব্যবসা-বাণিজ্যের খ খাতে আমূল পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সুবাতাস কাজে লাগিয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি প্রবাসীরা। তেমনই একজন সফল উদ্যোক্তা আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব।
প্রায় ১১ বছর আগে অত্যন্ত ছোট পরিসরে এসি ও রেফ্রিজারেটরের স্পেয়ার পার্টসের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেন আইয়ুব। কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজের ব্যবসায়িক সাম্রাজ্য। বর্তমানে রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ সৌদির প্রধান শহরগুলোতে ছড়িয়ে রয়েছে তার একাধিক প্রতিষ্ঠান, যেখানে কাজ করছেন প্রায় ১৫০ জন বাংলাদেশি। সফল এই ব্যবসায়ী বর্তমানে ‘সৌদি আরব ইনভেস্টার ফোরাম’-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সৌদিতে ব্যবসার অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে মো. আইয়ুব বলেন, “সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও দিকনির্দেশনা থাকলে বাংলাদেশিরাও সফল হতে পারেন। যে কোনো প্রবাসী ভাই উদ্যোক্তা হতে চাইলে আমি অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।”
পাশাপাশি, অর্জিত অর্থ ও অভিজ্ঞতা নিজ দেশে খাটাতে সফল প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, প্রবাসীদের এই দেশীয় বিনিয়োগ নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
সংবাদটি প্রকাশের সময় আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোনির হোসেন ও সেলসম্যান মোঃ সাব্বির হোসেন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের এমন সাফল্য ও বিনিয়োগমুখী দৃষ্টিভঙ্গি জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
